মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দক্ষিণপাড়া আইস মার্কেট এলাকায় একই রশিতে রিয়াদ হোসেন এবং মনি হোসেন উরফে জমিস নামে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মৌচাক ফাঁড়ি পুলিশ দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত রিয়াদ হোসেন (২০)জামালপুরের ইসলামপুর থানার পাচবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এবং মনি হোসেন উরফে জসিম (২০) একই থানার খইয়ারদিচর এলাকার হেলাল শেখেরে ছেলে।
দুই জনই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়াএ্যাপারেলস লিমিটেড নামে জুতা তৈরীর কারখানায় চাকুরী করতো । মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, গত সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫ টার দিকে তারা বাসায় ফিরে। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আসে তারা। তার পর তারা আর বাসায় ফিরেনি। মঙ্গলবার সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ আইস মার্কেট দক্ষিণপাড়া এলাকার নির্জন স্থানের কড়ইগাছের ডালে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ।
ওই কারখানার রহমান নামের এক শ্রমিক বলেন, তারা কারখানায় সবসময় একসাথেই থাকতো। একে অপরকে পুস্পা বলে ডাকতো। একজন ব্যাথা পেলে অন্যজনের নাকি অনুভব হত। তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তবে কেন তারা আত্মহত্যা করল সেটা বলতে পারতেছিনা। কারখানার প্রোডাকশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, দুই জনই আমাদের কারখানার শ্রমিক। তবে তাদের দুজনের মধ্যে মিল ছিল বলে আমরা জানতে পেরেছি।