নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে বংশী নদী রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ দাবিতে রবিবার (৭ মে) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, “ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ বেইলী সেতুর কাছে নদী বক্ষ ভরাট করে নির্মাণকাজ চলছে। এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এতে বলা হয়, “এই নদী ভরাট করে নির্মাণকাজের বিষয়টি স্থানীয়দের মাঝেও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সেখানে কোনো অবকাঠামো গড়ে উঠলে তা সুযোগসন্ধানী ভূমিদস্যুদের অন্য জায়গায় নদী দখলে উতসাহিত করতে পারে। ফলে নদীর প্রকৃত মানচিত্র বরাবর সীমানা অনুযায়ী নির্মাণ কাজের বৈধতা না থাকলে তা বন্ধ করা অতীব জরুরী।”
এজন্য প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
আবেদনে সাক্ষর করেন, ধামরাই সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. ইমরান হোসেন, বংশী নদী সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক মো. মাহমুদুর রহমান, প্রথম আলোর সহকারী সম্পাদক মাহমুদ ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মাহতাব উজ জাহিদ, স্বপ্নডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি এসএম নজরুল ইসলাম।
ধামরাই সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. ইমরান হোসেন বলেন, “সেখানে নদী দখল করে নদীবক্ষের ওপরে নির্মাণকাজ করা হচ্ছে। এটি নির্মাণ হলে আশপাশের আরও অনেকেই নির্মাণকাজ করতে সাহস করবে। ফলে নদীর সীমানা চিহ্নিত করে সেখানে প্রাচীর নির্মাণ বন্ধ করার দাবি জানানো হয়েছে।”
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, “ওইখানে সার্ভেয়ার পাঠানো হয়েছে। নির্মাণ কাজ যারা করছে তারা জমিটি নিজেদের বলে দাবি করেছেন। সার্ভেয়ারের প্রতিবেদন অনুযায়ী সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”