জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়টি অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলধারী বা সিজিপিএ অর্জনকারী ছয় শিক্ষার্থীকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত করা হয়েছে।
এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দেশের ৩৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকায় সর্বোচ্চ ১১ জন স্বর্ণপদক পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর সর্বোচ্চ ৯ জন করে রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ ফলাফলধারী ও স্বর্ণপদকের জন্য মনোনীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন, কলা ও মানবিকী অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মৌসুমী আক্তার (সিজিপিএ- ৩.৮০), গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিউটি আক্তার (সিজিপিএ-৩.৯১), সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মারুফাতুন নাহার (সিজিপিএ-৩.৯৬), জীববিজ্ঞান অনুষদ থেকে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মুমতারিন জান্নাত ঐশী (সিজিপিএ-৩.৯৫), ব্যবসায় অনুষদ থেকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাবেয়া জান্নাত (সিজিপিএ- ৩.৯৩) এবং আইন অনুষদ থেকে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার (সিজিপিএ-৩.৮১)।
দেশের ৩২টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ব্যতীত) মোট ১৭৩ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে একজন করে মোট তিন জন শিক্ষার্থী পাবেন এ স্বর্ণপদক। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বর অর্জনকারী দুই জন শিক্ষার্থীকেও দেওয়া হবে এ স্বর্ণপদক।
প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।