সাভার প্রতিনিধি :
সাভারে ডিস ব্যবসা দখলের জেরে তাজুল স্যাটেলাইট এন্ড ডিস এন্টেনা নামের প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ।
বুধবার (১৯ এপ্রিল) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সাভারের বলিয়ারপুর নয়ন তেলের পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোঃ ইমন (৩১), মোঃ রোকন (১৫) ও মোঃ সুজন (২৭)। তারা সবাই তাজুল স্যাটেলাইট এন্ড ডিস এন্টেনা নামের প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানা গেছে।
অভিযুক্তরা হলেন- সাভারের বলিয়ারপুরের মোহাম্মদ অলী মিয়ার ছেলে মোঃ জহির (৪০), মশুরিখোলা এলাকার আলাউদ্দীনের ছেলে মো: আলামিন (৩০) সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ব্রীজ ব্যবসা দখলের চেষ্টা করে আসছে। ডিস ব্যবসা দখল করতে না পেরে তারা ডিস লাইনের বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন করতে থাকে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বুনিয়ারপুর এলাকার নয়ন তেলের পাম্পের পাশে ভুক্তভোগী ব্যবসায়ীর ডিস লাইনের সংযোগ ও মেশিনপত্র খুলে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানের ওই তিন কর্মচারী ঘটনাস্থলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা প্রদান করে।
এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাদের চাপাতি, ছুরি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় ৮২ হাজার টাকার ডিস লাইনের কেবল ও মেশিন নিয়ে যায়। খবর পেয়ে ব্যবসায়ী আলিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক আব্দুল জলিল বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।