সাভার প্রতিনিধি :
সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পাইকারি কাঁচাবাজারের সামনে পৌরসভা কুলিবিট ইজারা দিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
তবে আইন অনুযায়ী মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করে কোন ধরনের মালামাল লোড-আনলোড করার কোন নিয়ম নেই। এব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।
খোজ নিয়ে জানা যায়, সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত মোহাম্মদীয়া কাচা বাজারের ব্যবসায়ীরা তাদের বাজারের এতদিন যাবত একটি বিরাট অংকের টাকা কুলিবিটের ইজারা বাবদ দিয়ে আসছিলো।
কিন্তু সরকারি নির্দেশনার বিষয়টি অবগত হবার পর এই বাজারের ব্যাবসায়ীরা তাদের বাজারে কুলিবিট প্রথা বিলুপ্ত ঘোষণা করেছেন। তাদের দাবী তারা এখন থেকে আর কাওকে কোন প্রকার ইজারার টাকা প্রদান করবেনা।
রাজাবাড়ি মোহাম্মদিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহ বলেন, আমাদের এখানের ব্যবসায়ীরা বিগত সময়ে কুলিবিটের ইজারার টাকা পরিশোধ করতে গিয়ে ব্যাবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এখন আমরা জানতে পেরেছি মহাসড়কের পাশে অবস্থিত কোন স্থানে কুলিবিট হবার সুযোগ নেই তাই আমরা সকল ব্যবসায়ীরা মিলে সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমরা আর কোন কুলিবিটের ইজারার টাকা প্রদান করবোনা। এবং আমাদের বাজারের সামনের অবস্থিত কুলিবিট বিলুপ্ত ঘোষণা করেছি।
এব্যপারে সাভার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রব বলেন, আমরা পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে কোনরুপ কুলিবিট ইজারা দেইনি। আমাদের নিয়ম অনুযায়ী প্রতিটি বাজারের অভ্যন্তরেই মাল লোড-আনলোডের জায়গা থাকতে হবে। অর্থাৎ আমাদের ইজারা দেয়া কুলিবিটের স্থান কোনভাবেই মহাসড়কের পাশে অবস্থিত নয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে রেডিও কলোনী পর্যন্ত রাস্তার পাশে পার্কিং করে কোন ধরনের মালামাল লোড আনলোড করা যাবেনা। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।