সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের খাগান এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে লেগুনা ধাক্কা দিলে শিক্ষার্থী-এলাকাবাসী ও লেগুনা শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ মার্চ) বিকেল সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এলাকাবাসী ও লেগুনা শ্রমিকদের সাথে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। রাত সাড়ে ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।
পুলিশ জানায়, সাভারের খাগানের ড্যাফোডিল ইউনিভার্সিটির দুইজন শিক্ষার্থী মোটরসাইকেল যোগে বি বাংলা মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় বি-বাংলা মোড় এলাকায় একটি লেগুনা তাদের ধাক্কা দিয়ে চলে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়েরর ৫০-৬০ জন শিক্ষার্থী চারাবাগ মোড়ে অবস্থান নিলে লেগুনা শ্রমিক ও স্থানীয় লোকজনদের সাথে বাক বিতর্কতা হয়। পরে শিক্ষার্থীরা সংঘটিত হয়ে রাস্তায় নেমে দুই পাশের বেশ কিছু দোকান ভাঙচুর করে।
এব্যাপারে ড্যাফোডিল ইউনিভার্সিটির পাবলিক রিলেশনশিপ অফিসার কাজল বলেন, আমাদের দুই শিক্ষার্থীকে লেগুনা চাপা দেওয়ার চেষ্টা করেন।
পরে শিক্ষার্থীরা উত্তেজিত হলে পরিস্থিতি অস্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।