আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

জাবি স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ  শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ 

জাবি প্রতিনিধি, হাবিবুর রহমান সাগর :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন ।

মঙ্গলবার ( ৭ মার্চ)  চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়,  যে সকল ছাত্র ছাত্রী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো।

আর এই সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হল প্রশাসন।

এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, ‘আমরা আবাসিক সংকট সমাধানের জন্য কাজ করছি।

সেই লক্ষ্যে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এটা চ্যালেঞ্জিং কাজ। তবে শিক্ষার্থীরা সহযোগিতা করলে আমাদের জন্য সহজ হবে। আসলে নতুন নতুন হল হওয়ার পরেও যদি আসন সংকট থাকে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক।’

আসন সংকট সমাধানের লক্ষ্যে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিনটি কমিটি গঠন করা হয়েছে। যারা আসন সংকট সমাধানের জন্য কাজ করবেন।

এর মধ্যে একটি কমিটি কেন্দ্রীয়ভাবে কাজ করার জন্য, আরেকটি ছেলেদের আবাসিক হলগুলোর আসন সংকট সমাধানে এবং অন্যটি মেয়েদের হলের সংকট সমাধানে কাজ করবে বলে জানান তিনি।

গত রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণরুম সংস্কৃতি উচ্ছেদ করে বৈধ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করাসহ ৩ দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শর্ত সাপেক্ষে অবরোধ তুলে নেন তারা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ