মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলচালা গ্রাম থেকে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এসময় পুলিশ তাদের নিকট থেকে ২টি রাম দা, একটি সামুরাই, ২টি চাপাতি ও বেশ কিছু রশি উদ্ধার করে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের রহম আলীর ছেলে জয়নাল আবেদীন(৩৫), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা গ্রামের রহমান আলীর ছেলে তৌফিকুল ইসলাম(৩৪), একই উপজেলার আন্দারমানিক গ্রামের খালেক মৃধার ছেলে সবুজ মৃধা।
পুলিশ জানায়, উপজেলার ফুলচালা গ্রামে একটি জঙ্গলের পাশে অবস্থান নিয়ে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের ওই তিন সদস্যকে আটক করে। এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, ওই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।