সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২ টা ২০ মিনিটেও সড়ক ছাড়ে নি শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আমরা ভর্তির চার বছরেও আলোর মুখ দেখছি না। ভর্তির পর থেকেই কতৃপক্ষকে আমরা তাগিদ দিয়ে আসছিলাম যে অন্তত বিএমডিসির রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করতে।
কিন্তু কতৃপক্ষ নিজের খেয়ালখুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এতে আমাদের সোলালী ভবিষ্যতের সাথে অর্থও নষ্ট হয়েছে। আমরা দ্রুত মাইগ্রেশন চাই। তা না হলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।
আন্দোলনরত শিক্ষার্থী মো. ইয়াহিয়া শুভ বলেন, আমরা এর আগেও একই দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। কতৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা গ্রহণ করেন নি।
এই মেডিকেল কলেজে আমরা ১৫ লাখ টাকা খরচ করে ভর্তি হয়েছি। কিন্তু এখন আমরা আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারছি না। এই মেডিকেলে কোন রোগীই নেই। ঠিকমত তারা শিক্ষার ব্যবস্থা না করেই শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
আলীনূর পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, আমরা ১১ টা থেকে সড়কে আটকে রয়েছি। শিক্ষার্থীরা সড়কের মধ্যে বসে পড়েছে। এতে করে যাত্রীরা ভোগান্তিতে পরেছেন।
এব্যাপারে নাইটিংগেল মেডিকেল কলেজের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে অথরিটির সাথে কথা বলেছি। তাদের দাবি নিয়ে আমরা কাজ করছি।
আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. মিজান বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।