সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারের ভাকুর্তা থেকে থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ।
গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভার্কুতা ভাঙ্গা ব্রিজের উত্তর পাশের সরকারী পুকুরের পাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল বিকেলে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার চিহ্ন রয়েছে। এছাড়াও নিহতের দেহে ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ, পিবিআই ও সিআইডি।
এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, নিহতের পরিচয় সনাক্ত করতে পুলিশসহ পিবিআই ও সিআইডি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক সালেহ ইমরান বলেন, নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে কিন্ত জাতীয় ডাটা ব্যাজে তার হয়তো তথ্য নেই। তারপরও পরিচয় সনাক্তে পিবিআই সকল ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান।