সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ হোসেন (৪০)।
সোমবার সকাল সাড়ে ১০ টার বালুখালী ক্যাম্প ১৮/ইস্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।
নিহত হোসেন ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। সে ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিল।
নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরে এলোপাতাড়ি গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।