জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে আবারও উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল আলম।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনর ইউনিভার্সিটি এ্যাক্ট ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুল আলমকে আগামী ৪ বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
উপাচার্য পদে তিনি অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
তৎক্ষণিক প্রতিক্রিয়া জাবি উপাচার্য অধ্যাপক অধ্যাপক নূরুল আলম বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে এ যাত্রা আমার জন্য সহজ হবে।
এর আগে ১২ আগস্ট (শুক্রুবার) উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয় । যেখানে এতে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়েছিল জাবির সাবেক উপ-উপাচার্য অর্থনীতি বিভাগের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন।
নির্বাচনে ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিল সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছিল পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। নির্বাচনে তিনটি প্যানেলে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।