জাবি প্রতিনিধি:
চিকিৎসাকেন্দ্রে এক নার্সকে যৌন হয়রানির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. বি এম কামরুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বছরের জন্য বহিষ্কৃত মামুনুর রশিদ শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী।গত ৪ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এক নার্সকে স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই নার্স।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ খতিয়ে দেখে এর প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‘Sexual Harassment Complaint Committee’ এর প্রতিবেদন বিবেচনানুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীর বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবেদন পর্যালোচনাপূর্বক তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভার এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬-তম ব্যাচের ছাত্র মো. মামুনুর রশীদকে সিন্ডিকেটের
তারিখ অর্থাৎ ২১-০৭-২০২২ তারিখ অপরাহ্ন হতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম হতে ১ (এক) বছরের জন্য বহিষ্কার করা হলো। উক্ত সময়কালে সে হলে অবস্থান করতে ও কোনো প্রকার শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।’
এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বহিষ্কারকালীন মেয়াদে অভিযুক্ত শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ও সুস্থতার লক্ষ্যে যথাযথ সহায়তা প্রদানের জন্য তার পরিবারকে অনুরোধ করার কথা বলা হয়েছে।’
উল্লেখ্য, গত ৪ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এক নার্সকে স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করে ওই নার্স।