আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চা শ্রমিকদের চলমান ধর্মঘটে সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধিঃ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চলমান ধর্মঘটের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ,

ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘দেশে ঋণ খেলাপী বাড়ে, বড় বড় বিল্ডিং ওঠে, বড়লোক আরও বড়লোক হয়।

যেই চা খেতে খেতে শাসকশ্রেণির মুখ দিয়ে বড় বড় কথা বের হয়, সেই চা শ্রমিকদের কোন উন্নতি নেই।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘চা শ্রমিকদের দীর্ঘদিনের লাঞ্ছনা ও বঞ্চনার যে ইতিহাস, সেই ইতিহাসকে আর দীর্ঘায়িত করবেন না।

এটি দীর্ঘায়িত হলে সারা দেশের মানুষের আন্দোলনও দীর্ঘায়িত হবে, যা মুনাফাখোরদের জন্য ভালো ফল বয়ে আনবে না।’

মানববন্ধনের সঞ্চালনা করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চা ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি অনুরাধা বাড়াইক।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়,

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহসভাপতি আরিফুল ইসলাম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ