কে এম নজরুল ইসলাম :
ঈদের ছুটিতে বাড়িতে এসে আনন্দ-খুশিতে দীর্ঘদিন সময় কাটিয়ে মাদ্রাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিজে লাশ হয়ে পরিবারকে দুঃখের সাগরে ভাসালো ইউছুফ (১১) নামের এক মাদ্রাসা ছাত্র।
২৫ জুলাই সোমবার আনুমানিক বিকাল সাড়ে ৪টায় ভাটিয়ালপুর-হরিনা সড়কের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গার্লস স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে শিশুটি।
গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের ৯নং ওয়ার্ডের মিজি বাড়ির প্রবাসী মোঃ মোবারক হোসেন মিজির একমাত্র ছেলে ভিকটিম শিশুশিক্ষার্থী ইউছুফের আপন ছোট চাচা মনির হোসেন মিজির মোটরসাইকেলে চড়ে হাইমচর উপজেলার আলগীবাজারের,
হাফেজিয়া মাদ্রাসায় যাবার পথে বাইক থেকে ছিটকে পড়ে হরিনা ফেরিঘাট থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট : ১৪-৮৩৮৪) নিচে পড়ে চাকায় পিষ্ট ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। এসময় বাইক চালক চাচা মনিরও আহত হন। এলাকার উত্তেজিত জনতা ও ভিকটিমের আত্মীয়রা ট্রাকটি আটক করেছে।
নিহত শিশু ইউছুফের চাচা শাহ ইমরান বলেন, মোটরসাইকেল চালক আমার চাচাতো ভাই তার ভাতিজাকে নিয়ে আলগীবাজার হাফেজিয়া মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে হরিনা ঘাট থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউছুফের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।