কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোক্তাদের সংগঠন এন্ট্রপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট (ইএলডিসি) ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবার আয়োজিত হয়েছে ‘ক্যারিয়ার টক উইথ রাহুল বসাক’ অনুষ্ঠানটি।
শুক্রবার (৩ জুন) রাত ৯ টায় ক্লাবের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচারিত হয় পুরো অনুষ্ঠানটি।
ইএলডিসির ম্যানেজমেন্ট ট্রেইনি হুরে জান্নাত অর্নার সঞ্চালনায় এ আয়োজনের প্রথম অংশে সঞ্চালক ইএলডিসির পরিচয়, অর্জন এবং পথচলা নিয়ে অংশগ্রহণকারীদের সাম্যক ধারণা দেন।
পরবর্তীতে মূল বক্তা রাহুল বসাক চতুর্থ শিল্পবিপ্লব পরবর্তী সময়ে কাজের ধারা কেমন হতে পারে এবং সেজন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করা যায় সে সম্পর্কে আলোচনামূলক সেশন পরিচালনা করেন।
এসময় রাহুল বসাক বলেন,’ দলীয় সমন্বয়ের কাজটা খুব কঠিন যখন আপনি দলে পাঁচজন অথবা ছজন ট্যালেন্ট পিপল নিয়ে কাজ করবেন, আবার বোকা কিছু মানুষ নিয়ে কাজ করাটা সহজ।
যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্বার্থক দলীয় সমন্বয় তখনই হবে যখন আপনি লিডার হয়ে সেই মানুষ গুলোকে নিয়েই কাজ করলেন যারা এই কাজে আপনার চেয়ে অনেক ভালো। শুধু বস হিসেবে নিজেকে জাহির করা একজন স্বার্থক লিডার বা দলীয় সমন্বয়কারীর কাজ না’।
সবশেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর দিয়ে সমাপ্তি হয় এই অনুষ্ঠানের।
এই লাইভ সেশনে অংশগ্রহণকারী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একজন শিক্ষার্থী মুনিরা আক্তার
বলেন, ‘ দেশীয় বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান চাকুরী কিংবা অর্থনৈতিক সেক্টর গুলোতে এখনো শক্ত অবস্থান তৈরী করতে পারে নি, এর জন্য এখানকার পরিবেশও অনেকটা দায়ী।
তবে ইএলডিসি যেভাবে আমাদেরকে ক্যারিয়ার, লিডারশীপ, এন্ট্রপ্রেনিওরশীপ ও নানা কর্মক্ষেত্রের ওপর গাইডলাইন দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাতে আমরা সামনে উপকৃত হবো বলে আশাবাদী।’
প্রসঙ্গত, ইএলডিসি ২০২০ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানিং, কর্পোরেট গ্রুমিং, এন্ট্রপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার প্লেসমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের নিয়ে মেলা, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে ইভেন্টে অংশগ্রহণ, বহুজাতিক প্রতিষ্ঠানে কুবিয়ানদের চাকুরী নিশ্চিতকরন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে এই ক্লাবটি।