কুবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। আজ ২৯ মে (রোববার) সকালে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে কুবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, আমরা কুবি শাখা ছাত্রলীগ ছাত্রদলের ক্যাডারদের ম্যাসেজ দিতে চাই আপনাদের শুধু চামড়া না, আপনাদের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করলে ছাত্রদল-শিবিরদের পিটের চামড়া থাকবেনা এমন হুশিয়ারি দিয়ে আমরা স্লোগান দিয়েছিলাম।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপাচার্যের দেওয়া একটি বক্তব্য কিসের ইঙ্গিত বহন করে? আমরা উপাচার্যের কাছে এটার সুস্পষ্ট ব্যাখ্যা চাইবো ও আওয়ামীলীগের নীতি-নির্ধারণী পর্যায়ে এ বিষয়ে আলোচনা করবো।
এ সময় শাখা ছাত্রলীগের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ও শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।