জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসে জুনিয়র শিক্ষার্থীকে কতিপয় সিনিয়র শিক্ষার্থী কর্তৃক মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷
সোমবার (১৬ মে) বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এ সময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মনবন্ধনে বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী প্রসেনজিৎ কুমার জিৎ বলেন, ‘একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছে এমন সন্ত্রাসী আচারন কেউ প্রত্যাশা করে না।আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানায়। প্রশাসনের কাছে বিচারের দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী মুজিবুর রহমান শিশির বলেন,’ বিশ্ববিদ্যালয়ের এক বাস শিক্ষার্থীর সামনে একটি শিক্ষার্থীকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক।
একটি শিক্ষার্থীকে মারধর করলো অথচ এক বাস শিক্ষার্থীর কেউ এগিয়ে এলো না। এমন ঘটনা খুবই নেক্কারজনক। আমরা দোষীদের আজীবন বহিষ্কারের দাবি জনায় যাতে ভবিষ্যতে এমন কাজ আর কেউ করতে সাহস না পাই।’
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোঃ সংগ্রাম ইসলাম। তিনি গণিত বিভাগের ৩য় বর্ষের (৪৮ ব্যাচের) ও আ.ফ.ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বঙ্গবাজারগামী স্টুডেন্ট বাসে যাওয়ার পথে টেকনিক্যালে এ হামলার শিকার হয় বলে জানান সংগ্রাম। পরে তিনি শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন।