আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রোটার‍্যাক্ট ক্লাব জাবির আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী 

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রোটার‍্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এর উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি৷ সভাপতি রোটার‍্যাক্ট আসাদুল্লাহ আল গালিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব জাহাঙ্গীরনগরের সভাপতি রোটারিয়ান নাজনীন আরা নাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব জাহাঙ্গীরনগরের সাবেক সভাপতি রোটারিয়ান মাহমুদা মাহবুব রুমা।

রোটার‍্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এর সাধারণ সম্পাদক রোটার‍্যাক্ট সাদিকুর রহমান জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

গতবছর বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। প্রথম দশ জন কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রধান করা হয়।

তারমধ্যে প্রথম তিন জনকে যথাক্রমে তিন হাজার, দুই হাজার ও এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্কর আলী,

দ্বিতীয় হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তাহিরা মেহেজাবিন ও তৃতীয় হয়েছেন ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহবুব আলম।

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ’ শীর্ষক এ রচনা প্রতিযোগিতার কনভেনরের দায়িত্ব পালন করেন রোটার‍্যাক্ট মাহবুব মুরাদ।

তিনি বলেন, প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিলো গতবছর। কিন্তু করোনা কালিন পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি পূর্বে করতে পারিনি।

প্রধান আলোচকের বক্তব্যে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশীদ বলেন, “বৃহত্তর সমাজকে দক্ষ ও সমৃদ্ধ করতে রোটার‍্যাক্ট ক্লাব উদ্যামী তরুনদের নিয়ে কাজ করে।

সমাজকে দেখা, সমাজের মানুষের সুখে-দুঃখে অংশীদার হয়েই আমরা জীবনকে বুঝতে শিখি। রোটার‍্যাক্ট ক্লাব সমাজসেবার এই মহৎ কাজটিই করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমি ছাত্রজীবন থেকেই রোটার‍্যাক্ট ক্লাবের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। একসময় এই ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছিলাম।

আমি আশা করি রোটার‍্যাক্ট ক্লাবের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম সমাজসেবামূলক কার্যক্রমে নিজেদের যুক্ত রাখবেন।”

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান নাজনীন আরা নাজু বলেন, রোটার‍্যাক্ট ক্লাব জাবি ক্যাম্পাসে নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আবাসিক হলগুলোতে পত্রিকার স্ট্যান্ড, আবর্জনা ফেলার ঝুড়ি, ক্যাম্পাস পরিচ্ছন্নতার মত কার্যক্রম পরিচালনা করছে৷ কমিউনিটি বেইসড ক্লাব হলে ভার্সিটির শিক্ষার্থীদের বাইরেও অন্যরা এ ক্লাবে যুক্ত হতে পারবেন।

আমরা শিক্ষা নিতে এখানে আসি৷ শুধু শিক্ষা নিলেই হবে না, সুশিক্ষিত হতে হবে। আমাদের সমাজসেবামূলক কাজের সাথেও নিজেদের যুক্ত করতে হবে। সুশিক্ষিত হতে হলে এর কোন বিকল্প নেই।

উল্লেখ্য রোটার‍্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ১৯৯২ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং, দক্ষতা ও নেতৃত্বগুন বৃদ্ধিতে একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করে চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ