আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘বাংলাদেশের ভাবনা বঙ্গবন্ধুর অস্তিত্ব ছাড়া কল্পনাও করা যায় না।
বঙ্গবন্ধুর সারা জীবনের রাজনীতি ছিলো এই দেশের মাটি ও মানুষের জন্য। বার বার জেল খেটেছেন তিনি তবুও গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য রাজনীতি করেছেন।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এই আয়োজনে প্রধান অতিথির ভাষণে তিনি আরও বলেন, ‘১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু দলের হাল ধরেছেন, গ্রামেগঞ্জে গিয়েছেন, অনেক নেতার মধ্যে উনি নিজেকে বঙ্গবন্ধু করেই গড়ে তুলেছেন।’
মঙ্গলবার (২২মার্চ) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেলমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর আজকের প্রধানমন্ত্রী থাকার কারনে রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।
তিনি ছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। আমি ছাত্র জীবনে ছাত্র লীগ করে এসেছি, আজীবন মিছিল দিয়েছি বঙ্গবন্ধুর খুনিদের বিচার চাই। আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে।’
এসময় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তুলে ধরে সভাপতির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। তাকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না।
তিনি না থাকলে আমরা এ দেশ পেতাম না। তিনি ছিলেন দুঃখী মানুষের নেতা। তিনি গরিব দুঃখী মানুষের পাশে থাকতেন। তাঁর স্বপ্ন ছিল একটাই দেশকে মুক্ত করা।’
সেখানে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার, অধ্যাপক অজিত কুমার মজুমদারসহ প্রমুখ।