সুমন আহমেদ রাহাত, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলামের বিরুদ্ধে অশোভন আচরণ করার লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা৷
নৃবিজ্ঞান বিভাগের প্রায় ৪০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত এই অভিযোগপত্র পাওয়ার বিষয়টি রোববার (২০মার্চ) নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
অভিযোগসূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও নৃবিজ্ঞান বিভাগের মধ্যকার
ব্যাডমিন্টন ম্যাচটি বিকাল ৫টায় শুরু করার কথা জানায় টুর্নামেন্ট আয়োজক কমিটি।
কিন্তু নৃবিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা যথাসময়ে মাঠে আসলেও প্রতিপক্ষ না আসায় সন্ধ্যা ৭টায় খেলা শুরুর আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু ২ঘন্টা অপেক্ষার পরও প্রতিপক্ষ উপস্থিত হয়নি৷
এক পর্যায়ে কোনো ঘোষণা না দিয়েই খেলার সরঞ্জামাদি খুলে ফেলেন টুর্নামেন্টটির পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্বরত শারীরীক শিক্ষা দপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম।
তখন টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মনিরুল ইসলামকে সিদ্ধান্ত জানাতে বলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী-খেলোয়াড়রা। কিন্তু এসময় শিক্ষার্থীদের সাথে অশোভন ও স্বেচ্ছাচারী আচরণ করেন তিনি।
একপর্যায়ে তিনি “কার সাহস ও ক্ষমতা আছে দেখি তোমাদের খেলা চালায়, আমার যখন ইচ্ছা খেলা চালাবো!”- এমন হুমকি দিয়ে মাঠ থেকে চলে যান। অভিযোগ পত্রে ঐ কর্মকর্তার এই ধরণের আচরণ ও স্বেচ্ছাচারীতার বিচার দাবি করা হয়েছে৷
এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের খেলোয়াড় তাজুল হক তানভীর বলেন, অন্য ডিপার্টমেন্টের খেলায়ও আমরা দেখেছি একদল অনুপস্থিত থাকলে উপস্থিত থাকা দলকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে, এটাই নিয়ম।
আমরা সেটা প্রাপ্য হলেও তিনি আমাদের সাথে উল্টো অশোভন আচরণ করেছেন, এমনকি ইচ্ছেমতো সময় পরিবর্তন করেছেন। তিনি বা টুর্নামেন্ট কমিটি যদি যথাযথভাবে সময় না মানতে পারে তাহলে তার দায়ভার কেন আমরা নিবো?
এ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত মনিরুল ইসলাম বলেন, সেদিন সকাল থেকে মাঠে থাকায় মেজাজ খারাপ ছিল। তখন অনাকাঙ্ক্ষিতভাবে দু-চারটি টি উচ্চবাক্য বিনিময় হয়, যার জন্য আমি অনুতপ্ত।
ছাত্র প্রতিনিধি এবং বিভাগীয় প্রধানের কাছে আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছি।
কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, অভিযোগটি গত বুধবার বিকালে পেয়েছি৷ কিন্তু মাঝখানে বৃহস্পতিবারসহ তিনদিন ক্যাম্পাস বন্ধ ছিলো। আমি এ বিষয়ে নির্দেশনা চেয়ে ভিসি স্যারকে অবহিত করবো।