আব্দুল্লাহ আল মামুন, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।
১৮ মার্চ (শুক্রবার) বেলা ১১ টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো: নূরুল আলম।
এ সময় নুরুল আলম বলেন, ‘প্রাক্তন ও বর্তমান মিলে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অংশীজন হতে হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশ বিদেশে শিক্ষা ও গবেষণায় সুনাম অর্জন করে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছেন।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চপদে আসীন হয়ে বিভাগকে সম্মানিত করেছেন। সুবর্ণ জয়ন্তী মধুময় স্মৃতি হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক বলেন, এ বিভাগের ছাত্র এবং শিক্ষক হিসেবে তিনি গর্ববোধ করেন। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বিভাগের উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবার হোসেন এবং অনুষ্ঠানের স্পনসর কোম্পানী সোলাসটা গ্রুপের নির্বাহী কর্মকর্তা শামসুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর সুবর্ণ জয়ন্তীর কেক কাটা হয়। এর আগে সকাল দশটায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হকের নেতৃত্বে সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে বিভাগের শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
দুপুরে অনুষ্ঠিত হয় প্রবীন ও নবীনদের মধ্যে মতবিনিময় এবং স্মৃতিচারণ। সবশেষে র্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে ৪টি বিভাগ যাত্রা শুরু করে ভূগোল ও পরিবেশ বিভাগে তাদের ভিতর অন্যতম।