ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেন :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ চেয়ারম্যানপুত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নবীনগরের কুড়িঘর বাজার এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত এরশাদুল হক নাটঘর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে। এরশাদুল ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
হামলার ঘটনার পরপরই শুক্রবার রাতে গুলিতে নিহত হন এরশাদুলের সঙ্গে থাকা বাদল সরকার।
দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন।
তিনি জানান, কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন এরশাদ ও বাদলসহ কয়েকজন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করেই গুলি করে। ঘটনাস্থলেই বাদল মারা যান। আর আহত এরশাদকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এটি নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হতে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।