চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের (৭৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় ভাটিয়ালপুর চৌরাস্তার এক মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে রাস্তা পারাপারের সময়ই এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সাড়ে ৫টার সময়ো. আবদুল কাদির বেপারী প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে আসেন এবং নামাজ আদায়ও করেন। নামাজ শেষ চরে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হতে গিয়ে সিমেন্টের পিলারভর্তি একটি নসিমন তাকে চাপা দেয়।
আর তাতেই তিনি মাথায় এবং কোমরে মারাত্মক আঘাত পান। পরে অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উত্তর ভাটিয়ালপুর জামে মসজিদের ঈমাম আলমগীর হোসেন জানান, নিহত আবদুল কাদির বেপারী ভাটিয়ালপুর বাজার ব্যবসায়ী ওয়াসিমের বাবা। তিনি পরহেজগার মানুষ ছিলেন। মসজিদের নিয়মিত একজন মুসল্লি ছিলেন তিনি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।