ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শেখ রাজেন :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি ধান ক্ষেত থেকে রাসেল মিয়া (৩৫) নামের এক ইটভাটার নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল উপজেলার সোহাগপুরের দুলাল মিয়ার ছেলে ও তালশহরের এসএমজি নামের একটি ইটভাটার নৈশপ্রহরী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর থেকে নৈশপ্রহরী রাসেল মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সকালে কামাউড়ায় ধান ক্ষেতে রাসেল গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে গিয়ে পুলিশ মরদেহটি করে হাসপাতাল মর্গে পাঠায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে।