আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

নির্বাচন নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি দুর্গে ভিন্ন ভিন্ন চিত্র 

কে এম নজরুল ইসলাম : 
একচেটিয়া হোক অথবা সর্বজনীন হোক আসন্ন ইউপি নির্বাচন নিয়ে আলোচনা থেমে নেই, আলোচনা চলছে সর্বত্র। বিভিন্ন উৎসব ও দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে সকল ইউনিয়ন।
চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়ায় এ নিয়ে আলোচনা তুঙ্গে। আওয়ামীলীগ থেকে এবার কারা পাচ্ছেন মনোনয়ন? বিএনপি কি নির্বাচন করবে? এমন ভাবনা ও আলোচনায় ডুবে আছে নানা শ্রেণি ও পেশার মানুষজন।
যতই দিন ঘনিয়ে আসছে আওয়ামী দুর্গে উৎসব বিরাজ করছে। ঠিক এর উল্টো চিত্র বিএনপিতে। উৎকণ্ঠা আর নীরবতায় সময় পার করছে বিএনপির দুর্গে। অন্যদিকে আওয়ামী দুর্গের সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেস্টুন ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিজেদের করছেন সম্পৃক্ত।
যেকোনো ধর্মীয় উৎসবে, এমনকি বিয়ের অনুষ্ঠানেও অংশগ্রহণ করছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক তৃণমূলের বর্ধিত সভার মাধ্যমে প্রস্তাব-সমর্থনের মাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রাথমিক বাছাই পর্ব শেষ করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে তৃণমূলের নেতাদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন।
এরা হলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান, বর্তমান চেয়ারম্যান মো. শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মজুমদার, আনিস বকাউল, হারুন অর রশিদ।
উপজেলা আওয়ামীলীগ আয়োজিত তৃণমূল বর্ধিত সভায় বর্তমান সংসদ সদস্যের অনুসারী কোনো সম্ভাব্য প্রার্থী অংশগ্রহণ করেননি। তাদের তালিকা আলাদাভাবে যাবে বলে সর্বত্র আলোচনা হচ্ছে। তাদের মধ্যে এই ইউনিয়নে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খান বাহার। তবে সময়ই বলে দিবে কে হচ্ছেন ১নং ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি।
এদিকে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন নিয়ে একদমই চুপচাপ। জানা গেছে, তারা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছেন। কেউ কেউ বলছেন বিএনপি এবার ইউপি নির্বাচন করবে না। আবার কেউ বলছেন কর্মীদের চাঙ্গা রাখতে নির্বাচন করা উচিত। সেই উচিতের জায়গা থেকে কয়েকজন প্রার্থীর মৃদু আওয়াজ শোনা যাচ্ছে।
তাদের কয়েকজন হলেন- আতিকুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি (হান্নান গ্রুপ) জসিম উদ্দিন স্বপন মিয়াজি, একই কোরামের সাধারণ সম্পাদক শামীম পাটওয়ারী। সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ কোরামের সভাপতি (ইউপি বিএনপি) নাজির হোসেন পাটোয়ারী।
নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই প্রার্থীর সংখ্যা বাড়তে থাকবে। সেই সাথে তাদের অবস্থানও পরিষ্কার হবে। সবাই এখন নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। কখন আসবে তফসিলের ঘোষণা। কখন হাসবে প্রার্থীরা, কখন জমবে মিছিল মিটিং।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ