ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শেখ রাজেন:
পৌর কর্তৃপক্ষ জানায়, ভবন নির্মাণের অনুমতি দেয় জেলা প্রশাসন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ছয়তলার বেশি ভবন নির্মাণে বিধিনিষেধ রয়েছে। তবুও নির্মাণ করা হচ্ছে ১৪ তলা পর্যন্ত ভবন। ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় আগুন, ভূমিকম্পসহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
আইন না মানায় পৌরবাসী দুষছেন পৌর কর্তৃপক্ষকে। তাদের অভিযোগ, সঠিক তদারকি না থাকায় এ সমস্যা তৈরি হচ্ছে। আর ফায়ার সার্ভিসের দাবি, বেশির ভাগ বহুতল ভবনেই নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
পৌরবাসী জানান, ৬ তলা ভবনের ওপর কীভাবে ৭, ৮, ৯ তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে। এর পেছনে কারা রয়েছে, তাদের দেখতে চাই। এভাবে চলতে থাকলে, আমাদের ঝুঁকি নিয়ে বসবাস করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভুঁইয়া জানান, পৌর কর্তৃপক্ষ গিয়ে বিল্ডিং কোড বাস্তবায়নের নির্দেশনা দিয়ে আসে। কিন্তু ভবন মালিক সেটা না মেনে নির্মাণকাজ পরিচালনা করে। আর পৌর কর্তৃপক্ষ কিন্তু পরবর্তীতে সেই ভবনের কোনো খোঁজ নেয় না। এই জন্য হয়তো এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখায় অনুমতি মেলে ভবন নির্মাণের। প্রভাবশালী মহলের চাপে ব্যবস্থা নেওয়া যায় না।
প্রায় ১৮ বর্গকিলোমিটারের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পৌনে দুই লাখ মানুষের বসবাস।
তবে ভবন নির্মাণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের।