ডেস্ক রিপোর্ট :
পদ্মা নদীর মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ট্রাক নিয়ে একটি রো রো ফেরি ডুবে গেছে।
আমানত শাহ নামে ওই ফেরিটি বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কাত হয়ে ডুবে যায়।
এ বিষয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. জামাল হোসেন জানান, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পৌছানের সময় ফেরি ডুবির ঘটনা ঘটে। তিনি আরও জানান, ফেরিতে কোনো যাত্রীবাহী বাস ছিল না। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে অভিযান শুরু করে দিয়েছে।
বিআইডব্লিউটিএ’র বাণিজ্য বিভাগের পরিচালক এম এম আশিকুজ্জামান জানান, ফেরি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমরা ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি।