আমিনুর রহমান,সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইরে পাবজি খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বন্ধুর হাতে নির্মম নির্যাতনের শিকার মো. রাজু (১৪) নামে এক কিশোর মারা গেছে।
শনিবার (১৬ অক্টোবর) ভোর রাতে ঢাকার সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজু উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, পাবজি খেলা নিয়ে ২ বন্ধুর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজুকে বাড়ি থেকে ডেকে নেয় আলিফ।
পরে তাকে কৌশলে নিলাম্বরপট্রি এলাকার রুপারচর বাজারের কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতর নিয়ে মুখে শার্ট ডুকিয়ে মাথা এবং বুকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায় মৃত ভেবে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে।
কাশবনের ভেতর গোঙ্গানির শব্দ পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর রাতে রাজুর মৃত্য হয়।
মৃত্যর খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তর বাড়ি ঘেরাও করে। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ অন্যান্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, রাজু হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোরসহ তার মা ও দুলাভাইকে একটি শর্টগানসহ আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।