নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে বাসচালকের সঙ্গে বাকবিতন্ডার জেরে ধামরাই উপজেলার সুয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে থানায় নেয়া হয়।
পরে কিছু সময় পরেই তাকে থানা হতে বের হয়ে যেতে দেখা যায়। বাস শ্রমিকদের মারধোরের কথা শোনা গেলেও এ সমস্ত বিষয় অস্বীকার করেন তিনি।
শনিবার (২ অক্টোবর) বিকেলে থানায় নেয়ার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক। এর আগে দুপুর ৩ টার দিকে সাভার স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরের দিকে ঢাকা থেকে ফেরার পথে লাব্বাইক পরিবহনের বাসের পাশাপাশি আসার সময় ওই চেয়ারম্যানের প্রাইভেট কারের সঙ্গে ঘষা লাগে।
এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান তার গাড়িতে থাকা লাঠি দিয়ে বাসে কয়েকটা বাড়ি দেন। পরে পাশে থাকা পুলিশ ওই পরিবহনের চালক ও সোহরাব হোসেনকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যায়।
সোহরাব চেয়ারম্যান থানা থেকে বের হওয়ার আগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক বলেন, ‘ওখানে একটু ঝামেলা হয়েছিলো। পরে উনাকে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি উপরস্থ কর্মকর্তাদেরকে জানিয়েছি। এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি।
আর যে আঘাতের অভিযোগ করা হয়েছে সেটাও আমি দেখেছি সঠিক নয়। এছাড়া বাস মালিকেরও কোন অভিযোগ নেই। তবুও কর্মকর্তারা দেখে ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে চেয়ারম্যান সোহরাব বলেন, আমার গাড়ির সাথে একটি বাসের ঘষা লাগে। যে ঘষা লাগাইছে, সে মাফ চাইছে, সরি বলছে। আমরা উভয়পক্ষ থানায় গিয়েছি।
আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হইছে, উনারা বুঝতে পারছে। এক্সিডেন্টের পর আমাদের মীমাংসার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল। গরীব মানুষ টাকা দিতে পারবেনা পরে আমি চলে আসছি।