নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ফরহাদ হোসেন (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ইউসুফ হোসেন (২২) নামের আরও এক পুলিশ সদস্য।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস পোশাক কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য ফরহাদ হোসেন বর্তমানে ৭ম এপিবিএন ক্যাম্প আশুলিয়ার ইপিজেডে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। আহত মোঃ ইউসুফ বগুড়া জেলার গাবতলি থানার হাটখোলাপাড়া গ্রামের মোঃ মোখলেস হোসেনের ছেলে। তিনি জামগড়ার ডক্টরস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পুলিশ জানান, উত্তরা থেকে মোটরসাইকেল যোগে দুই পুলিশ সদস্য ফরহাদ ও ইউসুফ হোসেন বাইপাইলের দিকে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার ওই এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির কাভার্ভভ্যান তাদের চাপা দেয়।
এসময় ঘটনাস্থলেই মারা যান ফরহাদ এবং ইউসুফ মারাত্মকভাবে আহত হন। পরে আহত ইউসুফকে উদ্ধার করে জামগড়ার ডক্টরস হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক ও কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি।