আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে হত্যা মামলার আসামী ১৭ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ১৭ বছরের ওয়ারেন্টভুক্ত আসামী ফিরোজ আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে তার নামে একটি হত্যা মামলা হয়।

যার মামলা নং-০৭। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর সাব- রেজিস্ট্রার অফিসের পাশ থেকে তাকে আটক করা হয় এবং বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) সকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আসামী ফিরোজ আলম ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার হাবিবুর রহমান ওরফে হাবির ছেলে এবং নিহত তৈয়বুর রহমান উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ১৭ বছর আগে ধামরাই কায়েতপাড়া সীমা হলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামী ফিরোজ আলম তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এর পর হঠাৎ করে আসামী ফিরোজকে আর এলাকায় দেখা যায় নি। পরে জানা যায়, তিনি সৌদি আরব চলে গেছে।

ফিরোজ আলম সেই সময় থেকেই সৌদি আরবে প্রায় ১৭ বছর থাকার পর গত ৬ মাস আগে দেশে ফিরেন। কিন্তু তিনি সেই হত্যা মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামী। গতকাল দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালামপুর সাব- রেজিষ্টার অফিসের পাশ থেকে তাকে আটক করে পুলিশ।

নিহত তৈয়বুর রহমানের ভগ্নীপতি সোহেল হোসেন বলেন, আসামী ফিরোজ আলম সম্পর্কে নিহত তৈয়বুরের খালাতো ভাই। আসামী ফিরোজ আলমের বাড়িও শরীফবাগ এলাকায়। কিন্তু পরে ফিরোজ পৌরসভার কায়েতপাড়া মহল্লায় বাড়ি করে বসবাস করছিলেন।

তৈয়বুরকে হত্যার পরে ফিরোজ সৌদি আরবে চলে যায়। দীর্ঘ ১৭ বছর পর সে দেশে ফিরে।সে ওই মামলার একজন ওয়ারেন্ট ভুক্ত প্রধান আসামী।

নাম প্রকাশে অনিচ্ছুক আসামী ফিরোজের এক আত্মীয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যখন ঘটনাটি ঘটেছে তখন আসামি পক্ষ আপোষ করার চেষ্টা করেছেন। কিন্তু বাদী পক্ষের লোকজন এতে কোন প্রকার সারা দেননি।

এ বিষয়ে ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফিরোজ আলম কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সে ১৭ বছর আগে হত্যাকান্ড ঘটানোর পর সৌদি আরবে চলে যান।

গত ৬ মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরের দিকে তাকে কালামপুর বাজার সাব- রেজিষ্টার অফিসের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ