নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলা থেকে বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে আখি মনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার হানিফ ও হুমায়ুন কবিরের বাড়িতে এঘটনা ঘটে।
নিহত ওই আখি মনি লালমনিরহাটের বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে তার পোশাক শ্রমিক বাবা মার সাথে ওই এলাকায় বসবাস করতো।
স্থানীয়রা জানান, আখি মনি তাদের টিন শেড ঘরে অন্য দুই শিশুর সাথে খেলা করছিল। এসময় হঠাৎ তাদের পাশের ঘরে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। নিমিষেই কয়েকটি ঘরে আগুন লাগে। এর একটি ঘরে থাকা আখি এই আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৮ টা তিন মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন ইউনিটের ১৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তার আগেই দগ্ধ হয়ে আখি মনি মারা যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র অফিসার জিহাদ বলেন, আমরা ১০ থেকে ১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে তার আগেই ওই শিশুর মৃত্যু হয়। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।