নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে চালকদেরকে সচেতন করতে স্টপেজে স্টপেজে সভা করেছেন গাজীপুর রিজিয়নের গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম।
বুধবার (২৫ আগস্ট) মহাসড়কের গোলড়া, নয়াডিঙ্গি, বাথুলি ও কালামপুরে স্থানীয় অটোরিকশা চালকদের নিয়ে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মহাসড়কে বড় যান চলাচলে বাঁধার সৃষ্টি করে অটোরিকশাগুলো। এদের কারণে মহাসড়কে দুর্ঘটনা ঘটে। সরকারিভাবে তাই মহাসড়কে এই যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়ক খুবই ব্যস্ত একটি সড়ক। এখানে দূরপাল্লার প্রচুর যানবাহন চলাচল করে। এই সড়কে অটোরিকশা উঠলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আর একটি দুর্ঘটনায় বিপাকে পড়ে যায় পুরো পরিবার। ফলে চালকদের সচেতন হওয়ার বিকল্প নেই।’
এসময় আইন অমান্য করে মহাসড়কে অটোরিকশা উঠানো হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।