আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে বাড়তি দামে বিক্রি হচ্ছে সার

নিজস্ব প্রতিবেদক :

রোপা আমনের ভরা মৌসুমে মানিকগঞ্জের সিঙ্গাইরে সারের সঙ্কট দেখা দিয়েছে। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ইউরিয়া, টিএসপি,ডিএপিসহ সব ধরনের সার।
কৃষকদের বস্তা প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেশি দিয়ে সার ক্রয় করতে হচ্ছে। কিছু কিছু সার বাড়তি দামেও মিলছে না। সারের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক জমিতে পরিমাণ মত সার ব্যবহার করছে না। এতে শস্যের বাম্পার ফলন থেকে বঞ্চিত হচ্ছে কৃষক।

জানা গেছে, বিএডিসি ও বিসিআইসি তালিকা অনুযায়ী ইউরিয়া সার প্রতিবস্তা ৮০০ টাকা, টিএসপি ১১০০ টাকা, এমপিও ৭৫০ টাকা ও ডিএপি ৮০০ টাকা বিক্রির নির্দেশনা রয়েছে। কিন্তু এই নির্ধারিত দামে মিলছে না সার। সিঙ্গাইর উপজেলার বিভিন্ন বাজারের সারের ডিলার ও সারের দোকানে কৃষকেরা সরকার নির্ধারিত মূলে সার কিনতে ঘুরাঘুরি করছেন। একাধিক সারের দোকান ঘুরে অবশেষে প্রতি বস্তা সার ১৫০ থেকে ২০০ টাকা বেশি দিয়ে ক্রয় করছে কৃষকেরা। সারের দাম বেশি চাওয়ায় অনেক কৃষক সার না নিয়েই বাড়ি ফিরতে দেখা যায়।

কৃষক আব্দুল করিম জানান, ৪ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। ক্ষেতে সার দেওয়ার সময় হয়েছে। কয়েকদিন ধরে নির্ধারিত দামে সার কিনতে দোকানে দোকানে ঘুরছি। অবশেষে ৮০০ টাকার ইউরিয়া কিনতে হলো ৯৫০ টাকায়।

পেঁপে চাষি আবুল হোসেন জানান, কমেছে কাঁচা পেঁপের দাম। অপরদিকে আবার বেড়েছে সারের দাম। যে টাকার পেঁপে বিক্রি করি সার কিনতে গেলেই টাকা শেষ। এছাড়া ১ সপ্তাহ ধরে বাড়তি দামেও মিলছে না টিএসপি সার। এভাবে চলতে থাকলে কৃষি কাজ ছেড়ে দিতে হবে।

রায়দক্ষিন বাজারের সার দোকানদার ওহাব খান বলেন, এক সপ্তাহ আগে অর্ডার দিয়েও সার পাওয়া যাচ্ছে না। ১০০ বস্তা অর্ডার দিলে পাই ৫০ বস্তা,তাও আবার দাম বেশি। বাধ্য হয়ে ৮০০ টাকার ইউরিয়া সার বিক্রি করতে হচ্ছে ৯০০ টাকায়। চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়ায় সারের সঙ্কট দেখা দিয়েছে।

জয়মন্টপ বাজারের সার ব্যবসায়ি মনির মালিক বলেন, প্রতি বস্তা সার ডিলারের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কিনতে হয়। আমারা কিভাবে নির্ধারিত দামে সার বিক্রি করব। সব ধরনের সারই বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে। প্রশাসনের পক্ষে থেকে এবিষয়ে মনিটরিং করা উচিত।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি আমার জানা নেই। তবে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ