নিজস্ব প্রতিবেদক :
অনিময়ের অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর,রাস্তা নির্মাণ ও গভীর নলকূপ স্থাপনে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গত শনিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ওয়েব সাইটে উপ সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে নিজ স্ত্রী ও একই পরিবারের দুই ব্যক্তির নামে প্রধান মন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ, নিজ দুই চাচার নামে সরকারের বরাদ্দকৃত গভীর নলকূপ স্থাপন ও পূর্ব আঠালিয়া মাস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের জমি পর্যন্ত রাস্তা নির্মাণে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। পরে সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মেহের নিগার সুলতানাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। পরে স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লায় কাছে জানতে চাইলে তিনি বলেন ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।