প্রতিনিধি মুন্সীগঞ্জ :
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে এবার ফেরি কাকলীর ধাক্কা , শুক্রবার ১৩ আগস্ট সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় কাকলি নামে একটি ফেরি ।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের। তবে পিলারের তেমন কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান। এ নিয়ে সম্প্রতি পদ্মা সেতুর পিলারে চতুর্থবারের মতো ফেরির ধাক্কা লাগল। তিনি বলেন, আমরা ২ থেকে ৬ নম্বর পিলারের মাঝখান দিয়ে ব্যবহার করার কথা বলা হলেও তা ব্যবহার না করে বিআইডব্লিউটিসি বেশী স্রোতের স্থান দিয়ে অন্য পিলারের মাঝ দিয়ে ফেরি চালাতে গিয়ে পিলারে বারবার ধাক্কা লাগছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে ফেরিটি আসার কথা থাকলেও নদীর প্রচণ্ড স্রোতে ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরির একপাশে ফাটল ধরলেও পানির স্তরের ওপরে হওয়ায় ফেরিতে পানিও ওঠেনি এবং কেউ আহত হয়নি এবং ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছে।
উল্লেখ্য, এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। গত, ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোর ধাক্কা খায়। এসব ঘটনায় সেতুর পিলারের পানির লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে।