নিজস্ব প্রতিবেদক :
সাভার পৌরসভার একমাত্র পশুরহাট এর উদ্বোধন করা হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে হাটে প্রবেশ করতে দেখা গেছে ক্রেতা বিক্রেতা সকলকে।
শুক্রবার(১৬ জুলাই) বিকাল সাড়ে ৬ টায় সাভারের রেডিও কলোনী স্কুল মাঠে এ পশুহাটের উদ্বোধন করেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় আরও উপস্থিত ছিলেন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মাঈনুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
ক্রেতাকে আকৃষ্ট করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন এ হাটের আয়োজক ও বিক্রেতারা। সচারচর দেখা যায়না এমন জাতের গরু ছাগলের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। গরুর সাথে ছাগল ফ্রি সহ বিভিন্ন অফার দিচ্ছেন তারা ক্রেতাকে। এছাড়া উপজেলা পশু হাসপাতালের পক্ষ থেকে রয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম।
হাটের প্রবেশমুখেই রয়েছে জীবানুনাশক স্প্রে টানেল। এরপরেই রয়েছে কোভিড এক্সপ্রেস হেল্প ইউনিট এর স্টল। এখান থেকে বিনামূল্যে মাস্ক সংগ্রহ করে হাটে প্রবেশ করতে পারছেন সকলে। এ হাটের ইজারা পেয়েছেন সাইফুর রহমান সুমন।