নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় বহুল কাঙ্খিত স্যুয়ারেজ লাইন নির্মাণের উদ্বোধন করেছেন আশুলিয়া ইউপি চেয়ারম্যন শাহাব উদ্দিন। রবিবার(১১ জুলাই) বেলা ১২ টায় কাঠগড়া আমতলা এলাকার আজমত গ্রুপ এর পাশে মাটি কেটে প্রায় সাড়ে ৬ হাজার মিটার স্যুয়ারেজ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ স্যুয়ারেজ লাইন নির্মাণের অনুমতি পেয়েছেন কাঠগড়া দক্ষিণ পালোয়ান পাড়া এলাকার মোঃ শাহীন পালোয়ান। তিনি গত বছরের ১৫ ডিসেম্বর উপজেলা প্রকৌশলী বরাবর নিজ খরচে স্যুয়ারেজ লাইন নির্মাণের জন্য রাস্তা কর্তনের অনুমতি চান। এর প্রেক্ষিতে এ বছরের ১০ এপ্রিল ৩ ভাগে মোট ৬৪৮০ মিটার রাস্তা কর্তনের অনুমতি প্রদান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক।
কাঠগড়ার যে অংশে রাস্তা কর্তন করে স্যুয়ারেজ লাইন নির্মাণের অনুমতি শাহীন পালোয়ান পেয়েছেন, তা হলঃ কাঠগড়া আজমত গ্রুপের পূর্ব পাশে নিক্কন হাউজিং এর রাস্তা দিয়ে বিকে নিটিং হয়ে নিক্কন চৌরাস্তা দিয়ে কাঠগড়া কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত ২২০০ মিটার। কাঠগড়া বাগের চালা হতে নিক্কন হাউজিং ও পপুলার হাউজিং এর মাঝ দিয়ে কুটুরিয়া প্রধান সড়ক পর্যন্ত স্যুয়ারেজ লাইন নির্মাণের জন্য ২৩৬০ মিটার। কাঠগড়া ব্যাপারী পাড়া হতে উত্তর মোল্লা পাড়া- কাঠগড়া পশ্চিম পালোয়ানপাড়া ১ নং পপুলার হাউজিং এর সামনে দিয়ে নয়াপড়া রোড-শিকদার বাগ-ধলপুর জামে মসজিদের পাশ দিয়ে-হক মার্কেট পর্যন্ত ১৯২০ মিটার।
আশুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন বলেন, এ অঞ্চলের স্যুয়ারেজ লাইন নির্মাণ হলে সুবিধা পাবে প্রায় লাখো মানুষ। আমি আশা করবো, দ্রুত সময়ের মধ্যে সকল নিয়মকানুন মেনে এই স্যুয়ারেজ লাইনের কাজ সমাপ্ত করা হবে।
স্থানীয় সুবিধাভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী ও জাকির মন্ডল। ফিতা কেটে ও কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে এ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।