আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মৌলভীবাজারে একদিনে ৯৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বিকাশ দাশ সিলেট :

মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। একদিনে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪৬টি নমুনা পরীক্ষায় এই ৯৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৮%। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৫২ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট ৩৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মারা গেছেন আরও একজন। তিনি ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের রোগী। জেলায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জনে দাঁড়ালো। বুধবার (৭ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।

নতুন আক্রান্ত ৯৪ রোগীর মধ্যে রাজনগরের ১০ জন, কুলাউড়ার ১৬ জন, বড়লেখার ৫ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১১ জন, জুড়ীর ৮ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪২ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শুন্য।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এবারের বিধিনিষেধে সরকারের পক্ষ থেকে ‘কঠোর’ হওয়ার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকছে সেনাবাহিনীও।

মৌলভীবাজারেও চলছে কঠোর লকডাউন। গতকাল মঙ্গলবার (৬ জুন) জেলায় লকডাউন অমান্য করায় ১১৮ মামলায় ৭৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলার সকল উপজেলায় ২২ টি অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। এসময় ৯ জনকে সাময়িক আটক করা হয়।

এদিকে রোগীবাহী বা জরুরি কাজে নিয়োজিত পরিবহন ছাড়া সড়কে যেকোনো পরিবহন দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। খোলা রয়েছে ফার্মেসিসহ নিত্যপণ্যের দোকান।

জেলা শহরে বিভিন্ন পয়েন্টে কাউন্সিলরদের নিয়ে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছেন পৌর মেয়র ফজলুর রহমান। মাঠে রয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ