মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। সকালের দিকে গার্মেন্টস ফ্যাক্টরির কিছু বাস চলাচল করলেও গণপরিবহন মহাসড়কে একেবারেই নেই। অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে বাস না থাকায় গার্মেন্টস কর্মীদের হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কম দেখা গেছে। সেনাবাহিনীর গাড়িও মহাসড়ক দিয়ে টহল দিচ্ছে। জেলা পুলিশের দুইটি চেকপোস্ট কাজ করছে।
হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপযুক্ত কারণ ছাড়া কোন প্রাইভেটকার চলাচল করতে দেওয়া হচ্ছে না। মহাসড়কে আমাদের ১১টি চেকপোস্ট কাজ করছে। সরকারের যে বিধিনিষেধ আছে তা কার্যকর করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।