জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে আসামী ধরতে গিয়ে ছুরি আঘাতে গুরুতর আহত হয়েছেন কালুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আশিকুজ্জামান।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
গতকাল শনিবার দুপুরে সোনাপুর বাজারের ব্যাটারিচালিত ইজিবাইক স্টান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আসামী ধরার জন্য কালুখালী থানার উপ-পরিদর্শক মো. আশিকুজ্জামান সহ এক পুলিশ সদস্য সোনপুর বাজারে আসে। সোনাপুর বাজারে এসে কালুখালী উপজেলার ইজিবাইক স্ট্যাটার সবুজকে গ্রেফতার করে। সবুজ নিজেকে নির্দোষ দাবী করে চিৎকার করলে উপস্থিত লোকজন পুলিশকে ঘেরাও করে, এবং গ্রেফতারের কারণ জানতে চায়। গ্রেফতার সম্পর্কে পুলিশ সদস্য উত্তর দিতে না দিতেই তার উপর হামলা করা হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাজমুল হাসান বলেন, জিআর ৬৪/২০ মামলার আসামী গ্রেফতারের জন্য আশিকুজ্জামানকে সেখানে পাঠানো হয়। যারা পুলিশের উপর হামলা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন বলেন, আমরা বর্তমানে রাজবাড়ী সদর থানায় রয়েছি। সোনাপুর বাজারে আসামী ধরাকে কেন্দ্র করে কোন সমস্যা হলে ঐ এলাকার স্থানীয়রা জেলার পুলিশ সুপারের সাথে আলোচনা করতে পারতো। অবরুদ্ধ করে রাখতে পারতো। কিন্তু তাকে ছুরি দিয়ে যেভাবে জখম করা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না।
কালুখালী থানায় পুলিশের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বেতবাড়ীয়া গ্রামের আইন উদ্দিন মোল্লার ছেলে রিপন মোল্লা নামের একজনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করে।
এসময় কালুখালী থানার অফিসার ইনচার্জ মো.নাজমুল হাসান, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, ওসি তদন্ত সুমন আদিত্য ও নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দির সোনাপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।