নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় প্রতারণার আশ্রয় নিয়ে দম্পতিকে ভুল বুঝিয়ে নবজাতক বিক্রির দায়ে ডাক্তারসহ একটি ক্লিনিকের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ মে) আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করেন আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই এমদাদ, সুদীপ কুমার গোপ ও আসওয়াদুর রহমান। এসময় নবজাতক বিক্রয় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে নবজাতকটি সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার খোসগড় গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে ক্লিনিকের ডাক্তার ও সালিক মোস্তফা কামাল (৩৯), টাঙ্গাইল জেলার জেলার মির্জাপুর থানার হাতরুড়া গ্রামের আব্দুল হামিদ মাস্টারের ছেলে আবু হানিফ (৪০), নওগাঁ জেলার মান্দা থানার বৈলশিং গ্রামের মৃত কুতুবউদ্দিন প্রামানিকের ছেলে হানিফ বিন কুতুব (৪২), শরিয়তপুর জেলার সখিপুর থানার কাঁচিকাটা গ্রামের জালাল উদ্দীনের ছেলে মোহাম্মদ সুমন মিয়া (২৯), এছাড়া নবজাতক ক্রয়ের দায়ে সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার নতুন দাতপুর গ্রামের মৃত বরাত আলীর ছেলে অয়েজুলকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী দম্পতি হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার সূর্যপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে মো: আবুল কালাম আজাদ (২৮) ও তার স্ত্রী শিখা বেগম (২৬)
ভুক্তভোগী নবজাতকের পিতা আবুল কালাম আজাদ বলেন, গত ১৭ মে আমার স্ত্রীর পেটে অনেক ব্যথা হয়। আমি ওই ক্লিনিকে গেলে ডাক্তার আল্ট্রাস্নোগ্রামের পরামর্শ দেন। তাদের কথামত আল্ট্রাস্নোগ্রাম করা হলে রিপোর্ট দেখে ডাক্তার বলেন, নবজাতক উল্টো হয়ে আছে মা ও শিশুর জীবন সঙ্কটাপন্ন, দ্রুত প্রসব করাতে হবে। ভুক্তভোগী ক্লিনিক কতৃপক্ষের কথায় রাজি হলে তাদের এক নারী এসে পার্শবর্তী ঘোষবাগ এলাকার একটি বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে যায়। পরে সেই বাড়িতে তার ডেলিভারি হয় এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন শিখা। এরপরে ডাক্তার এসে বলেন, আমাদের মেয়ে খুব বেশি হলে ৩ দিন বাঁচতে পারে। ১৫ দিন বাঁচাতেও অনেক টাকার দরকার। এসব ভুল বুঝিয়ে আমার স্ত্রীর কাছ থেকে মেয়েকে নিয়ে যায়। পরে সন্তান ফেরত চাইলে তারা ৫৫ হাজার টাকা দাবি করেন।
নবজাতকের মা শিখা খাতুন বলেন, আমি গার্মেন্টসে হেলপার হিসাবে কাজ করি। আমি তো অতো কিছু বুঝি না। উল্টাপাল্টা বুঝিয়ে ওই ক্লিনিকের মালিক ডাক্তার মিলে আমার মেয়েকে সিরাজগঞ্জে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরে থানায় খবর দিলে আমার সন্তানকে ফিরিয়ে আনে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমি এসআই সুদীপ কুমার গোপ ও এসআই আসওয়াদুর রহমান ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করি। সেখানে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িত উপস্থিত ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে রাতভর অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে নবজাতটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আসামিদের দুপুরে আদালতে পাঠানো হবে করা হবে।