নিজস্ব প্রতিবেদক :
নিখোঁজের ২১ ঘন্টা পর সাংবাদিক সিয়াম সারোয়ারকে আশুলিয়া নিরিবিলি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় শুক্রবার দুপুরে তেজগাঁও থানায় জিডি করেন সিয়ামের স্ত্রী শারমীন সুলতানা।শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় মহাসড়কের পাশ থেকে তাকে দুই স্থানীয় দুই ব্যক্তি উদ্ধার করেন বলে জানা গেছে।এর আগে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে পশ্চিম নাখাল পাড়ার বড়বোনের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এর পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।উদ্ধার হওয়া সাংবাদিক সিয়াম নেপালের কাঠমান্ডু ট্রিবিউন নামের একটি দৈনিকের ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। একই সাথে তিনি বামপন্থী দল ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, রাজধানী বনানীর বিটিসিএল কলোনীর একটি বাসায় স্ত্রীসহ ভাড়া থাকেন সাংবাদিক সিয়াম। সেখান থোকে ২২ এপ্রিল সকাল সাড়ে ৬ টার দিকে বের হয়ে পশ্চিম নাখাল পাড়া বড়বোনের বাসায় যান তিনি। পরে সকাল ১০ টার দিকে বোনের বাসা থেকে বের হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আজ দুপুরে থানায় সাধারন ডায়েরি করেন তার স্ত্রী।সিয়ামের দ্রুত সন্ধান চেয়ে এক বিবৃতিতে ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ রাব্বি রেদোয়ান বলেন বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন সিয়াম। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। প্রগতিশীল ছাত্র রাজনীতি শেষ করে সাংবাদিক সিয়াম সারোয়ার জামিল দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা করছেন। তার নিখোঁজের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না তা খোঁজে বের করার অনুরোধ জানিয়েছেন তারা।জানা যায়, নিখোঁজ ওই সাংবাদিককে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে দুই জন ব্যক্তি তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে। এসব তথ্য জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা।