আমিনুর রহমান, সিংগাইর, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে স্যানিটারী কাজ করার সময় বালুচাপা পড়ে মোঃ কোহিনুর রহমান (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ের ব্যবসায়ী কামালের গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত কোহিনুর রহমান জয়মন্টপ ইউনিয়নের মিরিরচর গ্রামের বাসিন্দা মৃত খোরশেদের পুত্র ও নোবাইজা মোল্লার মেয়ের জামাই বলে জানা গেছে। তিনি একই ইউনিয়নের হাটখোলার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিহতের ছেলের সাথে ঘটনাস্থলে কাজ করতে যান তিনি। ওই গ্যারেজের দক্ষিণ-পূর্ব কোণে ওয়াশরুমের চাক বসানোর জন্য গর্ত করে নিচে গেলে চারপাশের বালু ধ্বসে পড়ে তার উপর। বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাড়ি মিরিরচরে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।