কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সদর উপজেলার খুরুশ্কুলে গভীর রাতে পাহাড়ে মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে রহমত উল্লাহ (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছে । ১২ ডিসেম্বর (শনিবার) ভোর রাত ৩টার সময় এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা ।
নিহত শ্রমিক রাহমত উল্লাহ তেতৈয়া দক্ষিণ পাড়ার আলতাজের পুত্র । স্থানীয়দের বরাত দিয়ে খুরুশকুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন জানান, খুরুশকুলের তেতৈয়া দক্ষিণ পাড়ার বেলালের পয়েন্টে পাহাড় কেটে মাটি পাচার করতে গিয়ে পাহাড় ধসে ওই শ্রমিক নিহত হয়েছে ।
খুরুশকুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন জানান, খুরুশকুলে প্রশাসনিক বাধা থাকায় পাহাড় খেকোরা রাতের আঁধারেই পাহাড় কাটছে । এতে পাহাড় ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে ।
স্থানীয় পরিবেশকর্মীরা জানান, খুরুশকুল ও পিএমখালী ইউনিয়নে ২০ টি পয়েন্টে নির্বিচারে পাহাড় কাটা হলেও পরিবেশ অধিদপ্তরের কার্যকর কোন ব্যবস্থা নেই । হাতেগোনা ১০/১৫ জন ব্যক্তি বছরের পর বছর ধরে অর্ধশতাধিক পাহাড় কেটে শেষ করে আসলেও পরিবেশ অধিদপ্তর শুধুমাত্র নোটিশ দিয়েই দায়িত্ব শেষ করে । কক্সবাজার সদর থানার পুলিশ জানান বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।