আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সুনামগঞ্জে নূর মোহাম্মদের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

দিরাইয়ে মাছ বিক্রেতা নূর মোহাম্মদের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় দিরাই উপজেলার মধুরাপুর চারগ্রাম শাহজালাল বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রবীণ মুরব্বী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত নূর মোহাম্মদের দুইপুত্র তুরন মিয়া ও ইরন মিয়া, নিহত নূর মোহাম্মদের ভাই নুরুল হুদা ও নুরজালাল, মধুরাপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি আব্দুল হারিছ, বীর মুক্তিযোদ্ধার সন্তান শিপু চৌধুরী ও আদিল আহমেদ, তোফায়েল খান, সুজন মিয়া, আব্দুল খালিক তালুকদার, আব্দুস সহিদ চৌধুরী, সৈয়দ এনায়েত হোসেন, সুমন আহমদ তোরন, শরীফ চৌধুরী, আবু হানিফ প্রমুখ।

এ সময় বক্তারা বিগত ১৩ অক্টোবর সকাল ৮ টায় শাহজালাল বাজারের মাছ বাজারে চিহ্নিত সন্ত্রাসী দিলহক বাহিনীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত মাছ বিক্রেতা নূর মোহাম্মদের খুনীদের গ্রেফতার এবং নিহতের পরিবার ও স্বজনদের উপর হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। হত্যাকান্ডের ঘটনার দীর্ঘ একমাস পেরিয়ে গেলেও আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানোর অভিযোগ করেন তারা। এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার না করায় আতঙ্কে রয়েছেন তারা। যেকোন সময় খুনের মামলার আসামীদের দ্বারা প্রাননাশক হামলার আশংকা প্রকাশ করে নিহত নূর মোহাম্মদের পুত্র তোরন মিয়া বলেন “ আমার বাবাকে প্রকাশ্য দিবালোকে পিঠিয়ে হত্যার একমাস পর ও খুনী দিলহক ও তার সহযোগীদের এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি, বরং আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমার বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হউক নইলে আমাদেরকে ও মেরে ফেলা হউক, প্রতি মূহুর্তে আতংকে আছি আমরা, বাবাকে হারিয়েছি এবার নিজেদের প্রান হারানোর আতংকে আছি। যেকোন সময় আমাদেরকে খুন করে লাশ গুম করে দিতে পারে।

উল্লেখ্য, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে বিগত ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টায় স্থানীয় শাহজালাল বাজারের মাছ বাজারে মাছ বিক্রির টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী দিলহক বাহিনীর হামলায় মাছ বিক্রেতা নূর মোহাম্মদ (৫০) নিহত এবং নিহতের পুত্র হীরন মিয়া গুরতর আহত হন।

মধুরাপুর বাজারে অস্থায়ী পুলিশ কেম্পে দায়িত্বরত এসআই ফজলুল হক জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। উভয় পক্ষকে বুঝিয়ে বলা হয়েছে, কোন ধরনের অপ্রীতিকর অবস্থা যেনো না হয় সে দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

ঘটনার পরপর এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিলো জানিয়ে পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ