ফটিকছড়ি প্রতিনিধি :
উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের চুরখাঁহাট বাজার এলাকায় পৌর বিএনপি নেতা শফিউল আলম গংরা দীর্ঘদিন ধরে কয়েক শতক সরকারী খাস জায়গা দখল করে তাতে স্থাপনা নির্মাণ করে সুবিধাভোগের অভিযোগ উঠেছে। অবৈধ দভাবে দখলকৃত জায়গাতে তারা মেসার্স শাহ আলী সিএনজি ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ, গাছপালা রোপন করে নিজেদের দখলে রেখেছে।
এই নিয়ে স্থানীয় বাসিন্ধারা সম্প্রতি বিএনপি নেতা শফিউল গংদের বিরুদ্ধে নানান অভিযোগ এনে সুয়াবিল মৌজার ১নং খাস খতিয়ানের বিএস ১০২৫৬ ও ১০২৪৩ নং দাগ পরিমাপপূর্বক সরকারী খাস জায়গা উদ্ধারের আর্জি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা ভূমি অফিসের দু’জন সার্ভেয়ার রাসেল মজুমদার ও মঞ্জুর আহমেদ উল্লেখিত জায়গা পরিমাপ করে সার্ভে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বিভিন্ন বর্ণনা ছাড়াও উক্ত দুই দাগের মধ্যে সরকারী খাস জায়গার পথের উপর সিএনজি ওয়ার্কশপসহ গাছ-পালা রোপন করা হয়েছে। এবং, মুন্সি মিয়ার ছেলে শফি ও দুলাল ওইসব সরকারী জায়গা দখল করেছে বলে উল্লেখ করা হয়েছে। সার্ভেয়ার’রা জানিয়েছেন, ওই এলাকায় দখলদাররা প্রায় ৫৭একর জায়গায় দখল করছে। স্থানীয়রা, দখলকৃত জায়গার বাজারমূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করেছেন।
জানতে চাইলে দখলদার শফিউল আলম জানান, আমাদের দখলে থাকা জায়গা গুলি আংশিক সরকারী খাস, পুরো নই। যার বিভিন্ন নথি আমার কাছে আছে। তিনি এলাকার কিছু মানুষ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, ‘ইতোমধ্যে আমরা জায়গাটা পরিমাপ করেছি। কয়েক দিনের মধ্যেই বেদখল হওয়া সরকারী জায়গাটা উদ্ধার করবো।