মুহাম্মদ আনোয়ার হোসেন চট্টগ্রাম :
হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, পোড়া তেল এবং ক্ষতিকর ক্যামিক্যাল মিশিয়ে মিষ্টিসহ অন্যান্য বেকারি খাদ্য প্রস্তুতের কারণে ঘোষ বেকারি নামে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৫ অক্টোবর) উপজেলার সরকারহাটে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।
সূত্র জানায়, খাদ্য ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের ধারাবাহিক এই অভিযান চলাকালে সরকার হাটের ঘোষ বেকারিতে খাদ্য প্রস্তুুতে পোড়া তেলের ব্যবহার, মিষ্টিতে তেলাপোকাসহ নানাবিধ অনিয়ম দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান,খাদ্য দ্রব্য প্রস্তুতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং পোড়া তেল ব্যবহারের কারণে ঘোষ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। দোকান থেকে ভোক্তা তার নিজের টাকায় পণ্য কিনে ভোগ করেন, তাই তিনি সকল ব্যবসায়ীকে ভোক্তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।