হাসান চৌধুরী দিপু, চট্টগ্রাম :
কর্ণফুলীর পাড়ে ১০ একর জায়গা পুনরুদ্ধার
নগরীর মাঝিরঘাট সংলগ্ন কর্ণফুলীর উত্তরপাড়ে অভিযান চালিয়ে বন্দরের মালিকানাধীন ১০ একর জায়গা পুনরুদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। গত বুধ ও বৃহস্পতিবার চলা অভিযানে নেতৃত্ব দেন বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহছান মুরাদ। অভিযানে দুইশ’ কাঁচা ও সেমিপাকা ঘর, দোকান ভেঙে ১০ একর ভূমি পুনরুদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সহকারী এস্টেট ম্যানেজার মো. শিহাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গত প্রায় এক বছর আগে মাঝিরঘাট এলাকায় আমরা অভিযান চালিয়ে এই জায়গাতে অবৈধ স্থাপনা ভেঙে ফেলি। কিন্তু মাঝখানে করোনার কারণে আমাদের অভিযান বন্ধ ছিল। সেই সুযোগে কিছু মানুষ আবারও সেখানে বিভিন্ন স্থাপনা গড়ে তোলে। মূলত গত দুদিন ধরে অভিযান চালিয়ে আমরা সেগুলো পুনরুদ্ধার করি। আমরা পর্যায়ক্রমে ফিরিঙ্গি বাজার ও ফিশারিঘাটে অভিযান চালানোতে যাব। পুনরুদ্ধার করা ভূমির মূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে তিনি জানান।